মিশরের সিনাইয়ে ভূপাতিত হওয়া রুশ বিমানের ককপিট থেকে পাওয়া ব্ল্যাক বক্সে কিছু অদ্ভুত শব্দ রেকর্ড হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে শব্দগুলো রেকর্ড হয় বলে জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো।
এর আগে মার্কিন গণমাধ্যমগুলোতে জানানো হয়, স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দুর্ঘটনার সময় সেখানে প্রচণ্ড উত্তাপের একটি ঝলকানি ধরা পড়েছে।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে এক অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগ মুহূর্তে ককপিটের ব্ল্যাক বক্সে পাইলটদের কথোপকথনের সঙ্গে এমন কিছু শব্দ রেকর্ড হয়েছে, যা সাধারণভাবে কোনো ফ্লাইটের রেকর্ডে পাওয়া যায় না।
রাশিয়া, এয়ারবাস ও আয়ারল্যান্ডের বিশেষজ্ঞদের সহযোগিতায় মিশরের একটি অনুসন্ধানকারী দল বিমান দুর্ঘটনাটি তদন্ত করছে। এর অংশ হিসেবে কাজ করছেন ওই কর্মকর্তা।
গত শনিবার মিশরের সিনাই উপত্যকায় ২শ’ ২৪ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় এয়ারবাস এ-৩২১ মডেলের বিমানটি। ঘটনাস্থল অনুসন্ধান শেষে দলটি উদ্ধারকৃত ব্ল্যাক বক্স দু’টি বিশ্লেষণে হাত দেবে বলে জানানো হয়েছে।







