ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে সাক্ষরিত একটি চিঠি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে হস্তান্তর করেছে যুক্তরাজ্য।
বুধবার লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ অনুসারে লেখা চিঠিটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হয়েছে।
বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনের চিঠি পাওয়ার কথা জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে সাক্ষরিত ছয় পৃষ্ঠার এই চিঠিটি হস্তান্তর করেন ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার টিম ব্যারো।
সংবাদ সম্মেলনে ডোনাল্ড টাস্ক চিঠি উঁচিয়ে ধরে বলেন, এই দিনটি ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের জন্য সুখের দিন নয়। আমরা ইতোমধ্যে তাদের অভাব অনুভব করছি।
টাস্কের কাছে চিঠি হস্তান্তরের পর দু’বছরব্যাপী আলোচনা ও বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু করতে আর কোন বাধা থাকলো না। যদি ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন আলোচনার সময় না বাড়ায় তাহলে লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ অনুসারে ২০১৯ সালের ২৯ মার্চ শুক্রবার ব্রেক্সিট বাস্তবায়ন হবে।
ব্রেক্সিট আলোচনার সময় টেরেসা যুক্তরাজ্যের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছে বিবিসি। এই মানুষদের মধ্যে থাকবেন ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকরা, যাদের নাগরিক অবস্থান ব্রেক্সিটের পর কী হবে তা এখনো অনিশ্চিত।
গত জুনে এক গণভোটে ব্রিটিশ নাগরিকদের ভোটে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। টেরেসা তার বক্তব্যে ব্রেক্সিট ঘিরে যে বিভক্তি তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার ব্যাপারেও কথা বলবেন।







