ব্রিটেনে সুফিয়া কামাল ও সৈয়দ আশরাফসহ ৫ বাঙালির নামে ভবনের নামকরণ

A man and a woman seated at a table during a press conference at Tower Hamlets, London, with a sign behind them reading ‘Mayor of Tower Hamlets’. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঁচ জন কৃতি বাঙালির নামে পাঁচটি নতুন ভবনের নামকরণের ঘোষণা দিয়েছে ব্রিটেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস সোমবার এক সংবাদ সম্মেলনে এই পাঁচ জন বিশিষ্ট বাঙালির নাম ঘোষণা করেন। বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।
এই তালিকায় রয়েছেন কবি সুফিয়া কামাল, সমাজসেবক তাসাদ্দুক আহমেদ এমবিই, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং লন্ডনের প্রয়াত সাংবাদিক শাহাবউদ্দিন আহমেদ বেলাল। এছাড়া পূর্ব লন্ডনে বর্ণবাদ-বিরোধী আন্দোলনের প্রতীক আলতাব আলীর নামেও একটি ভবনের নামকরণ করা হচ্ছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় এই ভবনগুলোর নির্মাণকাজ প্রায় শেষ।
মেয়র জন বিগস এ প্রসঙ্গে বলেন, পূর্ব লল্ডনের ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবময় ইতিহাসের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গভীর সম্পর্ক রয়েছে। এই পাঁচ ব্যক্তিত্বকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে সেই ইতিহাস এবং পূর্ব লন্ডনে বাংলাদেশি অভিবাসীদের সার্বিক অবদানকেই স্বীকৃতি দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ওই পাঁচ জন কৃতি বাঙালির অবদানের কথা তুলে ধরা হয়।






