সালমাদের ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। করাচিতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ১২৪ রানে আটকে দিলেও শেষ পর্যন্ত ২৯ রানে হারে টাইগ্রেসরা।
টস জিতে প্রথম ব্যাট করে বাংলাদেশের সামনে জয়ের জন্য ১২৫ রানের টার্গেট খাড়া করে পাকিস্তান। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১২৪ রান করে স্বাগতিকরা। জবাবে ৭ উইকেট হারিয়ে ৯৫ রানেই থামে সফরকারীদের ইনিংস।
ওপেনিং জুটিতে ২ দশমিক ৫ ওভারে ১৯ রান তোলার পর আউট হন শারমিন আক্তার। দ্বিতীয় উইকেট জুটিতে ৩০ রান করার পর ফেরেন আরেক ওপেনার আয়েশা রহমান। দুই রান পর ফারজানা হক আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ।
দলকে বিপদে রেখেই সাজঘরে ফেরেন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। ২২ রান করে তাদের পথ ধরেন রুমানা আহমেদও। অধিনায়ক সালমা খাতুন করেন মাত্র ৫ রান। রুমানা হক ও আয়েশা রহমান করেন সমান ২৩ রান।
এর আগে বাংলাদেশের বোলারদের সামনে খুব বেশি সুবিধে করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরাও। দলীয় এক রানে প্রথম উইকেট হারানোর পর বিসমাহ মারুফের অপরাজিত ৬৫ রান ও জাভিরা খানের ৪৪ রানে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। তাদের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২টি, ফাহিমা খাতুন ও জাহানারা আলম একটি করে উইকেট নেন।






