স্কোরবোর্ডে ১১ রান জমা হতে নেই সৌম্য সরকার। দুই বল বাদে নেই সাব্বির রহমান। রান সেই ১১। পরের ওভারে নেই ইমরুল কায়েস। রান সেই ১১! ২১ রান হতে নেই সাকিব আল হাসান। এ যেন সেই আগের বাংলাদেশ। হঠাৎ উড়ে আসা ভূতে যারা কাবু হয়ে যেত।
বাংলাদেশ এদিন টস জিতে আগে বোলিং নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৩২৪ রান করে ভারত।
নিয়মিত অধিনায়ক মাশরাফি বিশ্রামে থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করেন সাকিব। তিনি আট বোলারকে ব্যবহার করেন। নিজে ৩ ওভারে ২৩ রান দিয়ে আর আক্রমণে আসেননি। সানজামুল ইসলাম দুই উইকেট নিয়েছেন ৭৪ রানের বিনিময়ে। মোসাদ্দেক ৫ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান দিয়ে উইকেটহীন। মোস্তাফিজ ৮ ওভার বল করে ৫৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ৯ ওভারে ৩ উইকেট নিতে রুবেলের খরচ ৫০ রান।
ভারত বেরিয়ে গেছে মূলত তৃতীয় উইকেট জুটিতে। ১৬.৩ ওভার ব্যাট করেন শেখর ধাওয়ান (৬০) এবং দীনেশ কার্তিক (৯৪)। এই সময়ে দুজনে ১০০ রান যোগ করেন। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে কার্তিক ‘অবসর’ নেন। এরপর ষষ্ট উইকেটের জুটিটাও বাংলাদেশকে বেশ ভুগিয়েছে। এই জুটি থেকে আসে ৮৬ রান। হার্দিক পাণ্ডে ৫৪ বলে ৮০ করে শেষ দিকে রানটা বাড়িয়ে নেন।







