হ্যাকারদের আক্রমণ কিংবা সাইবার সন্ত্রাস নয়। বরং ফেসবুকের নিজস্ব কারিগরি ত্রুটিতেই বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে ঢুকতে পারছিলো না।
উল্টো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সব ম্যাসেজ ডিলিট করা হবে এমন উদ্বেগজনক বার্তা দিচ্ছিলো গোলযোগে আক্রান্ত ফেসবুক। নিজেদের ত্রুটি বুঝতে না পেরে বেশ কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিলে শুরু হয় উদ্বেগ আর গুজব।
এর ফলে বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে একাধিক ফেসবুক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করার সমস্যায় পড়েন। স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে ফেসবুকে ঢোকার চেষ্টা করাদের ক্ষেত্রেই এই সমস্যা বেশি দেখা দেয়।
ফেসবুক নিয়ন্ত্রণকারী কাঠামোতে যান্ত্রিক ত্রুটির কারণে ফেসবুক ভেবেছিলো কেউ অ্যাকাউন্টগুলো হয়তো হ্যাক করার চেষ্টা করছে। একারণেই অ্যাকাউন্টগুলো সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেসবুক কর্তৃপক্ষ।
তবে পরে জানা যায়, হ্যাকিং নয়। ফেসবুকের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কিছু সমস্যা হওয়াতেই বেশ কিছু অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ, ভারত পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার একাধিক দেশ এবং ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে এই সমস্যা দেখা দেয়।
ফেসবুক কর্তৃপক্ষের দাবি এই সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছু সময়ের মধ্যে গোলযোগ কাটিয়ে আবার আগের মত স্বাভাবিক হয়েছে ফেসবুক। এই ত্রুটির সঙ্গে হ্যাকিংয়ের কোনো সম্পর্ক নেই ।







