ভারতেও বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ নিষিদ্ধ হয়ে যাওয়ায় ভারতে শেষ মুহূর্তের বেশ কিছু টিকেটে বিমানভাড়া বেড়েছে ৪০-৫০ শতাংশ।
হিন্দুস্তান টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, সামনের মাসেই স্কুলের ছুটি শুরু হবে। তার আগে আগে এমন সিদ্ধান্ত সমস্যা আরো বাড়াবে সবার জন্য।
সেখানকার সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল জানান, ইথিওপিয়ান এয়ারলাইন্স ৭৩৭ ম্যাক্স ৮ বিমান দুর্ঘটনায় ১৫৭ জন নিহত হওয়ার ঘটনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
ভারতের ডমেস্টিক এয়ারলাইন ইন্ডিগো মধ্য ফেব্রুয়ারিতে জানায় তারা ৩১ মার্চ পর্যন্ত ৩০টি ফ্লাইট বাতিল করতে পারে পাইলটের স্বল্পতার কারণে।
জেট এয়ারওয়েজও ৫০টি জেট বন্ধ করে দেয় যেটা প্রায় ১০০ ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার সমান। আর এয়ার ইন্ডিয়া ১৭ টি উড়োজাহাজ নানান অজুহাতে বন্ধ করে রাখে।
সাধারণভাবে ভাড়া বৃদ্ধি হয়েছে ৪০-৫০ শতাংশ। তবে কোনো কোনো ক্ষেত্রে সেটা ১০০ ভাগও হয়েছে। এমনটাই জানিয়েছেন ট্রাভেল বুকিং ওয়েবসাইট লাক্সিগোর সিইও এবং কো-ফাউন্ডার অলোক বাজপাই। উড়োজাহাজের সংখ্যা কমে যাওয়াতেই এই ভাড়া বৃদ্ধির ঘটনাটা ঘটেছে।
তবে এই ধরনের পরিস্থিতি কতদিন থাকবে তা এখনো পরিস্কার নয়। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর উপরও প্রভাব পড়েছে। সেই সঙ্গে অন্যান্য কিছু প্লেন বাতিল রাখায় সমস্যা আরো বেড়েছে।








