প্রবল বৃষ্টি উপেক্ষা করেও রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গনে উপস্থিত হয়েছে অগনিত কিশোর-কিশোরী। কারণ, শুক্রবার(২০ অক্টোবর) ছিল শিশু-কিশোরদের ম্যাগাজিন কিশোর আলোর চতুর্থ জন্মদিনের অনুষ্ঠান। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া বাঁধ সাধতে পারেনি তাদের।
সকাল সাড়ে ৮টার দিকে সুরসপ্তকের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট টিভি ব্যাক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মান্নান ভুঁইয়া, সংগীতশিল্পী মিনার।
অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্বটি ছিল বেশ আকর্ষণীয়। শিশু-কিশোরদের সঙ্গে আনন্দ করতে এবং নানা অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলেন অভিনয়শিল্পী তিশা এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য নানা স্টল বসে। সেখানে ছিল শিশুদের উপচে পড়া ভিড়। শিশুদের আনন্দ দিতে সেখানে যাদুকর, ছড়াকার সবাই উপস্থিত ছিলেন। ছিল চিরকুট ব্যান্ডের পরিবেশনা।
অনুষ্ঠানে শিশুদের জন্য নানা কর্মশালার আয়োজন করা হয়। তবে প্রবল বৃষ্টির কারণে গনিত এবং ভাষা নিয়ে দুটো কর্মশালা সম্পন্ন করা সম্ভব হয়নি। অচিরেই তার আয়োজন করা হবে বলে ঘোষণা দেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানটির সম্প্রচার সহযোগী ছিল চ্যানেল আই।







