দেশের প্রবীণ তথ্য প্রযুক্তি ব্যবসায়ী মোস্তফা জব্বার তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান যে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ তাকে নির্বাচনে সফলতা দেবে।’ তার এই ফেসবুক স্ট্যাটাসটি বেসিস এর সাধারণ ভোটারদের কিছুটা অবাক করেছে।
বেসিসের মত ক্ষুদ্র ট্রেড বডির নির্বাচনে প্রধানমন্ত্রী কোন প্রার্থী দেবেন এমনটা অনেকের কাছে অবিশ্বাস্য লেগেছে। এ প্রসঙ্গে গণনা টেকনোলজিস এর শারুন চৌধুরী বলেছেন, ‘ উনি তথ্যপ্রযুক্তি বিষয়ে যে কোন অর্গানাইজেশনের নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীর আর্শীবাদের কথা ফলাও করে প্রচার করেন। আসলে প্রধানমন্ত্রী এমন ছোটখাটো বিষয়ে ভাবেন কিনা আমাদের জানার কোন সুযোগও থাকে না।’ উল্লেখ্য, চলতি বছরের বছরের মার্চে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাচনেও তিনি প্রধানমন্ত্রীর আর্শীবাদ নিয়ে নির্বাচন করছেন বলে প্রচার করলেও সেই নির্বাচনে তিনি হেরে যান।
মোস্তফা জব্বার অন্য আর একটা ফেসবুক পোস্টে বেসিস নির্বাচনের জন্য তার প্যানেল ঘোষণা করেন। সেই স্ট্যাটাসে তিনি বলেন,‘ বেসিসের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সময়ের দাবিতে আজ আমি ২৫শে জুন অনুষ্ঠিতব্য বেসিস নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। নমিনেশনের কাগজটি জমা দেয়ার সাথে সাথে আই সি টি খাতের অভিজ্ঞ যোদ্ধাদের পাশাপাশি নতুনদের অভূতপূর্ব সাড়া আমার আস্থা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।’
বেসিসের সকল বর্তমান মেম্বারদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে তিনি তার প্যানেলের অন্য সদস্যদের নাম ঘোষণা করেন। 








