বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদ জানানো ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। সেসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির জয়েন্ট রেজিস্ট্রার মাশফিকুর রহমান ও একজন শিক্ষক ছাড়াও অন্তত ২০ শিক্ষার্থী অাহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজধানীর রামপুরার আফতাবনগর ক্যাম্পাস থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। সোয়া দুইটার দিকে মিছিলটি রামপুরা ব্রিজে উঠতে গেলে পুলিশ বাধা দেয়।
বিবিএর শিক্ষার্থী হাসানুর রাকিব চ্যানেল আই অনলাইনকে জানান, পুলিশ প্রথমদিকে শুধু বাধা দিলেও পরে তাদের ওপর গুলি ছুঁড়ে।
একইরকম ঘটনা বর্ণনা করে আরেক শিক্ষার্থী মোবাইদুল ইসলাম মুকুল জানান, ছররা গুলি এবং পুলিশের লাঠিচার্জে ২০ জন শিক্ষার্থী ছাড়াও এক শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার মাশফিকুর রহমান আহত হন।
আহত শিক্ষার্থীদের বেশিরভাগই স্থানীয় ফরায়েজী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এই ঘটনায় গুলিবিদ্ধ বিবিএ ৯ম সেমিস্টারের শিক্ষার্থী ইফতেফার আহম্মেদ আবীর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন করছিলাম। কিন্তু ভাবতেও পারিনি যে পুলিশ গুলি চালাতে পারে।
‘শিক্ষা আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকারে সরকার ভ্যাট বসাতে পারে না, বলে মন্তব্য করেন তিনি।
ঘটনার পর থেকে আফতাবনগরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশকে জলকামানসহ রাস্তায় টহল দিতে দেখা যায়।
গত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফি’র ওপর প্রথমে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। পরে তা কমিয়ে করা হয় সাড়ে সাত শতাংশ।
শিক্ষার্থীরা শুরু থেকেই ভ্যাট আরোপের বিরোধিতা করে আসছে। গত কয়েক মাস ধরেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ করছে তারা।
তবে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির আজকের ঘটনার আগে কোনো প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতা ঘটেনি।






