ফুটবলের দলবদলে অনেক সময় অবাক করার মতো কিছু কাণ্ড ঘটে যায়। কোনো কোনো খেলোয়াড় অনুমানের চেয়ে বেশি দামে বিক্রি হয়ে যান। গত কয়েক বছরে বেশি দামে বিক্রিত হওয়া এমন চার ফুটবলারের কথা জেনে নেয়া যাক।
রিচারলিসন (ওয়াটফের্ড থেকে এভারটন): চুক্তিটি এখনো শেষ হয়নি। তবে এতটুকু নিশ্চিত রিচারলিসনকে ৫০ মিলিয়ন পাউন্ড দিয়ে দলে ভেড়াতে চায় এভারটন। অবাক করার বিষয় হল ২১ বছর বয়সী এই ফুটবলারের এক বছর আগে দাম ছিল ১১.৫ মিলিয়ন পাউন্ড। গত মৌসুমে ৩৮ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেছেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এখনো জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। সেই তিনিই কি না বিক্রি হয়ে যাচ্ছেন ৫০ মিলিয়ন পাউন্ডে!

ডেম্বেলে (বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনা): গত গ্রীষ্মে দ্বিতীয় ব্যয়বহুল (১০৫ মিলিয়ন ইউরো) খেলোয়াড়ের তকমা নিয়ে বার্সায় পাড়ি দেন। ড্রিবলিং আর গতিময় ফুটবলই তার প্রধান শক্তির জায়গা। ডর্টমুন্ডে ভালো খেললেও ভালভার্দের দলে এত দামে জায়গা পাবেন, সেটি অনেকেরই কল্পনার বাইরে ছিল।

এলিয়াকিম মাঙ্গালা (পোর্তো থেকে ম্যানসিটি): পোর্তোয় তিন মৌসুম কাটানোর পর মাঙ্গালা বড় ক্লাবের নজরে পড়ে যান। অখ্যাত এই খেলোয়াড়কে কিনতে সিটি খরচ করে ৪২ মিলিয়ন পাউন্ড। সিটিতে শুরুটা ভালো হলেও ধীরে ধীরে কেমন হারিয়ে যান।

অ্যান্ডি ক্যারোল (নিউক্যাসল থেকে লিভারপুল): নিউক্যাসল থেকে ক্যারোলকে লিভারপুল আনতে খরচ হয় ৩৫ মিলিয়ন পাউন্ড। তিন মৌসুম ছিলেন। ৫৮ ম্যাচে ১১টি গোল করেন। শুরুতে অনেকেই তাকে প্রতিভাবান মনে করেছিলেন। সেই প্রতিভা থাকলেও নিজেকে সেভাবে আর মেলে ধরতে পারেননি।







