ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও করিম বেনজেমার জোড়া গোলে এইবারের বিপক্ষে দারুণ এক জয় সঙ্গী করে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার এইবারের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোলে নায়ক বনে যান বেনজেমা।
চলতি লিগের প্রথম দেখায় এইবারের মাঠে ৩-০ গোলে হারের স্মৃতি ছিল রিয়ালের, আড়াইদিন আগে ভ্যালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হারার স্মৃতি তো টাটকাই। দ্বিতীয়দফা দায়িত্ব নিয়ে জিদানের প্রথম হার ছিল সেটি।
ঘুরে দাঁড়াতে নেমে ৩৯ মিনিটে মার্ক কার্ডোনার গোলে উল্টো পিছিয়ে পড়ে রিয়াল। মধ্যবিরতির পর ফিরে সমতা টানতে অবশ্য বেগ পেতে হয়নি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৫ মিনিটে বেনজেমার এটি গোল অফসাইডের খাড়ায় পড়ে বাতিলের খাতায় যাওয়ার পর ৫৯ মিনিটে আবারও জাল খুঁজে নেন এ ফরাসি। অ্যাসেনসিওর ক্রসে মাথা ছুঁয়ে স্বাগতিকদের সমতায় ফেরান।
সমতা চলে ৮১ মিনিট পর্যন্ত। এবারও ত্রাতা বেনজেমাই। অ্যাসেনসিও আর ক্রুজের পা ঘুরে বল এসেছিল ফরাসি তারকার কাছে, তা থেকে দলকে তিন পয়েন্ট এনে দিতে ভুল করেননি বেনজেমা। পরে অবশ্য হ্যাটট্রিকের সহজ সুযোগও নষ্ট করেছেন।
এই জয়ে ৩১ ম্যাচে ৬০ পয়েন্টে টেবিলের তিনে অবস্থান রিয়াল মাদ্রিদের। রাতেই মুখোমুখি হবে দুই ও শীর্ষে থাকা অ্যাটলেটিকো আর বার্সেলোনা।







