টি-২০ বিশ্বকাপের গ্রুপ সুপার টেনের ম্যাচে শনিবার রাত ৮টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। কিন্তু এদিন সকাল থেকে ইডেন গার্ডেন্সের আকাশের মন খারাপ। হয়েছে বৃষ্টিও। সন্ধ্যার পর বজ্রসহ বৃষ্টিও হয়েছে বেশ কিছুক্ষণ।
সর্বশেষ খবর অনুযায়ী সন্ধ্যা ছয়’টা থেকে সাড়ে ছয়’টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হয়েছে ইডেনে। বৃষ্টি থামার পর থেকেই মাঠ পরিচর্যার কাজে লেগে পড়ে গ্রাউন্ডসম্যানরা।
আপাতত পুরো মাঠ কভার দিয়ে ঢাকা আছে। তবে মাঠ খেলার উপযোগী করতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ে খেলা শুরু নাও হতে পারে।
ভারত-পাকিস্তানের মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচটি হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে। কিন্তু নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তন করে তা কলকাতার ইডেন গার্ডেন্সে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় আইসিসি।







