আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন চিত্রনায়ক শাকিব খান। ধারনা করা হচ্ছে, অপু বিশ্বাসের সঙ্গে তার বিয়ে, সন্তান, নিজের পরিকল্পনা আর পুরো বিয়য়ে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন তিনি।
একটি বেসরকারি টিভি চ্যানেলে অপু তাদের বিয়ে এবং সন্তান নিয়ে যেভাবে কথা বলেছেন, তাতে ক্ষুব্ধ শাকিব খান। তিনি বলেন, ‘আব্রাহাম আমার সন্তান। অবশ্যই আমি তার দায়িত্ব নেব। কিন্তু অপুর দায় আমার নয়। আমি তার দায়িত্ব নেব না। অপু আমাকে অসম্মান করেছে। সে আমার ক্যারিয়ার ধ্বংস করার দরজা খুলে দিয়েছে।’
শাকিব খান আরও বলেন, ‘অপু কি শুধু আমার নায়িকাই হতে চায়? ও আমার স্ত্রী হতে চায় না! আমি তো বলেছি, আর কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে আমি সবাইকে জানাব। ও এতটুকু সময় অপেক্ষা করতে পারল না!’
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ের কথা স্বীকার করেছেন শাকিব খান। তিনি বলেন, অপুকে তিনি বিয়ে করেছেন আর আব্রাহাম খান জয় তাদেরই ছেলে।
আজ সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।








