আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার আছেন বিশ্রামে। বিরতিটা অবশ্য স্বল্প সময়ের জন্যই। ১০ এপ্রিল আবারও মাঠে নেমে যেতে হবে মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্যদের। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ তিন রাউন্ড খেলবেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই।
আইপিএল খেলায় বিসিএলে থাকছেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে তামিম ইকবাল। বাকি ক্রিকেটাররা নেমে যাবেন বড় দৈর্ঘ্যের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি খেলতে। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন চ্যানেল আই অনলাইনকে বললেন এমনটাই।
‘যেহেতু এখন আন্তর্জাতিক ব্যস্ততা নেই, আমরা চাইছি জাতীয় দলের সবাই বিসিএল খেলুক। অনেক সময়ই প্রথম শ্রেণির ক্রিকেট যখন হয়, জাতীয় দলের ব্যস্ততা থাকে। আশা করি এবার সুযোগটা লুফে নেবে ক্রিকেটাররা।’
জুলাইয়ে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। টেস্ট দিয়ে শুরু হবে পূর্ণাঙ্গ সিরিজটি। প্রস্তুতির জন্য ভাল সুযোগ এবারের বিসিএল। যদিও দু-তিনজন ক্রিকেটার বিসিএলের সময় ছুটি চেয়েছেন বিসিবির কাছে।
তিন রাউন্ড চলার পর প্রিমিয়ার লিগের কারণে বিসিএলে পড়েছিল দুই মাসের লম্বা বিরতি। ৫ এপ্রিল শেষ হয়েছে লিগ। আর ১০ এপ্রিল মাঠে গড়াবে বিসিএলের চতুর্থ রাউন্ড।
প্রিমিয়ার লিগের বিরতি পড়ার আগে প্রতিটি দলই একবার করে মুখোমুখি হয়েছে অন্য দলগুলোর। বিসিএল ডাবল লিগ পদ্ধতিতে হওয়ায় আরও একবার করে নিজেদের মধ্যে মুখোমুখি হওয়ার পালা চার দলের।
১০-১৩ এপ্রিল সিলেটে লড়বে নর্থ জোন ও সেন্ট্রাল জোন। একই তারিখে বগুড়ায় সাউথ জোনের মুখোমুখি হবে ইস্ট জোন। পঞ্চম রাউন্ড ১৭-২০ এপ্রিল, বগুড়ায়; লড়বে ইস্ট জোন ও নর্থ জোন। রাজশাহীতে অপর ম্যাচে সাউথ জোন খেলবে সেন্ট্রাল জোনের বিপক্ষে।
পঞ্চম রাউন্ড শেষে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করার কথা নির্বাচকদের। মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ক্যাম্প। জুন মাসের শুরুতেই ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।
ষষ্ঠ ও শেষ রাউন্ড ২৪-২৭ এপ্রিল। খুলনায় মুখোমুখি হবে নর্থ-সাউথ। আর রাজশাহীতে লড়বে ইস্ট-সেন্ট্রাল।
বিসিএলের প্রথম ধাপের তিন রাউন্ড শেষে নর্থ জোন ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্ট জোন। সাউথ জোন ২৬ ও সেন্ট্রাল জোনের পয়েন্ট ১৯।








