রোমান্টিক জুটি টালিগঞ্জে প্রসেনজি-ঋতুপর্ণা বরাবরেই হিট। এবার দীর্ঘ বিশ বছর পর পর্দায় হাজির হচ্ছেন বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ এবং মিষ্টি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
একটা সময় ছিলো বলিউডের হিট জুটি মানেই শাহরুখ-কাজল তেমনি কলকাতার বাংলা সিনেমার হিট জুটি মানেও ঋতুপর্ণা ও প্রসেনজিত। এ জুটি সিনে পর্দার থেকে বিদায় নেওয়ার পর অনেকে জুটি হিসেবে কাজ করলেও দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি তাদের মতো করে।
তাই দর্শকদের চাহিদা এবং ভালোবাসায় সেই রোমান্টিকতা নিয়ে ‘প্রাক্তন’ সিনেমায় হাজির হচ্ছেন। জনপ্রিয় চলচ্চিত্র ‘বেলাশেষে’ খ্যাত পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা। এই পরিচালকই আবারো ফিরিয়ে আনলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিকে।
আর এ জুটিকে আরো একবার ফিরিয়ে আনতে এ ছবির বিষয়বস্তু কলকাতার ‘হেরিটেজ ওয়াক। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ‘কলকাতা’শিরোনামে ছবির একটি গান। সেই গানে প্রসেনজিতকে দেখা গেলো পর্যটকদের গাইডের ভূমিকায়।
মূলত, কলকাতা শহরই হলো এ ছবির আকর্ষণ। শুধু ছবিতে নয়, গানেও রয়েছে কলকাতা। গানটি লিখেছেন অনুপম রায়। গেয়েছেন অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল। উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘প্রাক্তন’ পর্দায় আসছে ২৭ মে।







