চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-২ গোলের জয়কে বিবিসি রেডিও ৫’র বিশ্লেষকরা ‘কুৎসিত’ বলে মন্তব্য করেছেন।
চেলসির সাবেক উইঙ্গার প্যাট নেভিন রিয়ালের খেলায় যারপরনাই বিস্মিত। তিনি মনে করেন রিয়ালের ঐতিহ্যের সঙ্গে এমন খেলা যায় না, ‘কীভাবে তারা কী করল? একদম ভালো লাগেনি। সবকিছু কুৎসিত মনে হয়েছে। তাদের অবিশ্বাস্য কিছু খেলোয়াড় আছে। কিন্তু আপনি দেখে থাকবেন, কেউ সেভাবে খেলতে পারেনি।’
মিউনিখের মাঠে শুরুতে রিয়াল এদিন পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত রিয়ালের গোল দুটি এসেছে মার্সেলো ও মার্কো আসেনসিওর থেকে। ইউরোপ সেরার লড়াইয়ে টানা ১১ ম্যাচে গোল করা রোনালদো এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। আর বায়ার্নের একমাত্র গোলটি জসুয়া কিমিচের।
নেভিন বলছেন, ‘এই ম্যাচে বায়ার্ন অনেক সুযোগ পেয়েছে। তাদের ভাগ্য আরেকটু ভালো হলে রিয়াল হেরে যেত।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবকে ডিফেন্ডার রিও ফারডিনান্ড বলেছেন, ‘রিয়াল জানে কীভাবে সঠিক কাজটি করতে হয়। কিন্তু এদিন তাদের জন্য সবকিছু কঠিন মনে হয়েছে।’
গোটা ম্যাচে বল দখলে বায়ার্নের থেকে অনেক পিছিয়ে ছিল রিয়াল। রোনালদোরা মাত্র ৪০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে পারে। বায়ার্ন যেখানে ১৭বার গোলে শট নিয়েছে, সেখানে জিদানের দল ৭টি শট নিতে সক্ষম হয়েছে!
ম্যাচের পর বায়ার্ন ডিফেন্ডার নিকলাস সুলে বলেন, ‘আমরা ৫-২ গোলে জিতলেও রিয়াল অভিযোগ করতে পারতো না।’
জার্মান ফুটবল লেখক আরিখ রিহান্দ টুট মনে করেন, পেপ গার্দিওলা এখন বায়ার্নের কোচ থাকলে এই ম্যাচের অবস্থা অন্যরকম হতো।
বিবিসি রেডিওকে তিনি বলেন, ‘নিশ্চয়ই দলটি গার্দিওলাকে মিস করছে। এই রাতে তাদের খেলা দেখে সত্যি আমি অবাক হয়েছি।’







