২০১৬ সাল থেকে বিরামহীন ক্রিকেট খেলেছেন। খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছিলেন। বাধ্য হয়ে বিশ্রামের আবেদন জানান। কিন্তু সাড়া পাচ্ছিলেন না। অবশেষে বিরাট কোহলির জন্য বিশ্রামের সময় বের করতে পেরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম পাচ্ছেন ভারত অধিনায়ক। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের ভার চেপেছে সহ-অধিনায়ক রোহিত শর্মার কাঁধে।
বেশ কিছুদিন থেকেই বিশ্রামের জন্য আকুল হয়ে আবেদন করে যাচ্ছিলেন কোহলি। লাগামহীন ক্রিকেট খেলে হারিয়েছিলেন মেজাজও। শ্রীলঙ্কা সিরিজের পরপরই সাউথ আফ্রিকায় যাওয়ার ব্যাপারে বোর্ডকে একহাত নিয়েছেন। কড়া ভাষায় সমালোচনা করেন কাণ্ডজ্ঞানহীন সফরসূচি নিয়ে।
তাই কোহলির বিশ্রামের ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। অধিনায়কের যে বিরতির বিশেষ প্রয়োজন সেটা মানছেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদও, ‘বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কোহলি তিনটি টেস্টই খেলবে। এরপরই ওকে আমরা বিশ্রামে পাঠাবো। বিশ্রাম দাবি করা অধিকার তার আছে। আসলে একে একে সবাই বিশ্রাম পাবে।’
১০ ডিসেম্বর ধর্মশালায় প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত।
ভারতের ওয়ানডে দল
শেখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রেয়াস আয়ান, মনিষ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষার প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্ত কাউল।







