বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে দশটার দিকে এই মোনাজাত শুরু হয়। ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লি এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন।
আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী এলাকায় নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ফজর নামাজের পর সূর্য ওঠার আগেই আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে এসেছেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়।
মুসল্লিদের নিরাপত্তার উদ্দেশে ভোর থেকেই মহাখালি-টঙ্গী রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাই পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছেছে মুসল্লিরা।
ফজরের নামাজের পর থেকে মাঠে শুরু হয় সমাপনি বয়ান। এখন নিজের কৃতকর্মের জন্য দু’হাত তুলে মহান আল্লাহ-পাকের দরবারে আখেরি মোনাজাত করছে মুসল্লিরা।
মোনাজাতে অংশ নেয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বে ৬ দিনের মুসলমানদের ২য় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের মতো এবারও আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।







