দেশের কোন বিশ্ববিদ্যালয়ে এখন আর এরশাদ ভ্যাকেশন, খালেদা ভ্যাকেশন হয় না জানিয়ে পানিসম্পদ উপ মন্ত্রী এনামুল হক শামীম বলেছেন: এক সময় ছাত্র সংগঠনগওলোর তাণ্ডবলীলা দেখেছি। কিন্তু ১০ বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়ে একদিনের জন্যও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল এলামনাই এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাস ও তাণ্ডবের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করেননি। বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমাদের কোন নেতা-কর্মী বিন্দুমাত্রও জড়িত হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
এসময় তিনি ছাত্রদেরকে এদেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে হলের আবাসিক ১০ গরিব ও মেধাবী ছাত্রদের মাঝে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান পুনর্মিলনীর আয়োজনের উদ্বোধন করেন।
অমর একুশে হলের সাবেক ছাত্র ও ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং একুশে হলের সাবেক ছাত্র ও ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।








