করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জনে।
শুক্রবার সকাল পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
তবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৫৩২ জন। মৃত্যুবরণ করেছেন ২০৫ জন।
দৈনিক আক্রান্তের তালিকায় দক্ষিণ কোরিয়ার পরেই জার্মানির অবস্থান আক্রান্তের দিক থেকে। দেশটিতে একদিনে ৩ লাখ ২৭০ জন নতুন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৫৪ জন।
যুক্তরাষ্ট্রের আক্রান্তের হার ক্রমেই কমছে। একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৩৮ জনের। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১২৪৭ জনের।আক্রান্ত কমলেও দেশটিতে মৃত্যু সর্বোচ্চ।
এছাড়া একদিনে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ভারতে ৩ হাজার ৬৫৬, ব্রাজিলে ৫৫ হাজার ৮৬১,রাশিয়ায় ৫১ হাজার ২৩১ জন, ভিয়েতনামে ১ লাখ ৬০ হাজার ৬৭৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।







