বিশ্বকাপের আয়োজক দেশ হতে নীতিবহির্ভূতভাবে হস্তক্ষেপ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে বিরোধী দেশগুলোকে রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, যে সব দেশ আমেরিকাকে ভোট দিবে না, তাদের আমেরিকাও কোনো ধরনের সাহায্য করবে না!
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করতে চায়। এই তিন দেশের প্রতিদ্বন্দ্বী মরক্কো। ১৩ জুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।
ফিফার নীতিমালায় বলা আছে, বিশ্বকাপের আয়োজক দেশ হতে কোনো দেশের ফুটবল ফেডারেশন সরকারের সাহায্য নিতে পারবে না। নীতিমালায় এ কথা বলা থাকলেও নিলামের আগে প্রায় সব দেশের সরকারই গোপনে অন্য দেশগুলোর সঙ্গে লবিং করে ভোট আদায়ের চেষ্টা করে। কিন্তু ট্রাম্প এবার প্রকাশ্যে সমর্থন আদায় করার চেষ্টা করছেন। তাও আবার হুমকি দিয়ে!
‘কানাডা এবং মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতে চেষ্টা করছে,’ টুইটে লিখেছেন ট্রাম্প, ‘যে সব দেশকে আমরা সমর্থন করি, তারা যদি আমাদের বিপক্ষে লবিং করে তাহলে সেটা লজ্জার বিষয়। তাদের আমরা কেন সাহায্য করবো, যারা আমাদের করে না?’
ট্রাম্পের এই টুইটের বিষয়ে ফিফার কাছে মন্তব্য জানতে চায় রয়টার্স। সংবাদ সংস্থাটির কাছে পাঠানো এক বিবৃতিতে ফিফা সরাসরি কোনো মন্তব্য করতে চায়নি। তারা শুধু নীতিমালার কথা স্মরণ করিয়ে দিয়েছে।
‘সাধারণ নিয়মে নিলামের প্রক্রিয়ার ওপর করা নির্দিষ্ট কোনো মন্তব্য নিয়ে আমরা কথা বলতে পারি না। আমরা শুধুমাত্র ফিফার নীতিমালার ব্যাপারটি নির্দেশ করতে পারি। সেখানেই সবকিছু বলা আছে।’







