বিশ্বকাপে জেসন হোল্ডারের ডেপুটি হিসেবে ক্রিস গেইলের নাম ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার এই বিগ হিটারকে সহ-অধিনায়ক করার কথা জানায় ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
৩৯ বছরের গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট, ২৮৯ ওয়ানডে এবং ৫৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১৮ হাজার ৯৯২ রান করেছেন। আগেও অবশ্য অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৭-২০১০ পর্যন্ত তিন ফরম্যাট মিলে ৯০টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন গেইল।
আইপিএলে টি-টুয়েন্টি খেললেও ৫০ ওভারের ম্যাচে ফিরতে প্রস্তুত গেইল। বিশ্বকাপে তিনি জুনিয়র সতীর্থ হোল্ডারকে সহায়তা করবেন। ক্যারিবীয় বোর্ড জানিয়েছে, একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে অধিনায়ক এবং দলের সবাইকে সমর্থন ও সহায়তা করা তার ‘দায়িত্ব’।
নতুন দায়িত্ব পেয়ে বোর্ডের সুরে গেইলও বলেছেন, ‘যেকোনো ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সম্মানের। আর বিশ্বকাপ তো আমার জন্য বিশেষ কিছু। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে অধিনায়ক এবং দলের সবাইকে সমর্থন ও সহায়তা করা আমার দায়িত্ব। এটি সম্ভবত সবচেয়ে বড় বিশ্বকাপ হবে, তাই বড় প্রত্যাশা থাকবে এবং আমি জানি ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের জন্য আমরা খুব ভালো কিছু করব।’
কিংস ইলেভেন পাঞ্জাব কোয়ালিফাই করতে না পারায় আইপিএল থেকে ছুটি পেয়ে গেছেন গেইল। দল ছয়নম্বর হিসেবে আসর শেষ করলেও গেইল ছিলেন অনেকটা নিজের মতোই। ১৩ ম্যাচে তিনি রান করেছেন ৪৯০। স্ট্রাইকরেট দেড়শ’র বেশি (১৫৩.৬০)। আইপিএলের কারণে অবশ্য বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গে ওয়েষ্ট ইন্ডিজের হয়ে ত্রিদেশীয় সিরিজ মিস করছেন গেইল।
গেইল না থাকলেও দলে কোনো প্রভাব পড়েনি। প্রথম ম্যাচে রেকর্ড বইয়ের পাতা এলোমেলো করে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেয় ক্যারিবীয়রা। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবারই বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আর ৩১মে নর্টিংহ্যামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।








