ফুটবলের বিশ্ব আসরের ২০২২ সালের আয়োজক দেশ কাতার। তেল-অর্থনীতিতে সমৃদ্ধ রাষ্ট্রটি বিশ্বকাপের সেই আয়োজনে কোনো ঘাটতি রাখতে চাইছে না। অবকাঠামো প্রকল্পের জন্য প্রতি সপ্তাহে ৫০০ মিলিয়ন ডলার খরচ করছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী আল ইমাদি।
বিপুল অর্থ খরচের সঙ্গে দ্রুতগতিতে এগিয়ে চলা অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি নিয়ে আলী আল বলেন, ‘যেভাবে আমাদের কাজ এগিয়ে চলেছে তাতে করে আগামী দুই-তিন বছরের মধ্যে বেশ কয়েকটি উন্নতমানের স্টেডিয়াম তৈরি করা যাবে। যাকে কেন্দ্র করে সড়ক পথ, হাসপাতাল এবং ট্রেন লাইনের সুবিধাও থাকবে।’

২০১৪ বিশ্বকাপের স্বাগতিক দেশ ব্রাজিল ১১ বিলিয়ন ডলার খরচ করেছিল। এবার ধনকুবের দেশটি চাচ্ছে, যতোটা সম্ভব জাঁকজমক একটি বিশ্বকাপ আয়োজনের। তাতে করে প্রায় ২০০ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এতো বেশি খরচের পক্ষেও নন কাতারের অর্থমন্ত্রী। স্পষ্টই জানিয়ে দিয়েছেন সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ করার কোনো পরিকল্পনা নেই তাদের।
কাতার যতোগুলো অবকাঠামো উন্নয়নের প্রকল্প করেছে, আগামী দুই বছরের মধ্যে তার দুই-তৃতীয়াংশের কাজ শেষ হবে। চুক্তির ৯০ শতাংশ কাজও অনুমোদিত হয়েছে বলে জানান দেশটির অর্থমন্ত্রী।








