এভারটনের বিপক্ষে বিশাল জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে চেলসি। শনিবার রাতে এভারটনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে অ্যান্থনিও কন্তের দল। দলের হয়ে গোল করেছেন এডিন হ্যাজার্ড, ডিয়েগো কস্তা ও পেদ্রো রদ্রিগেজ।
চেলসির গোলবন্যার দিনে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। মিডলসবার্গের সাথে ১-১ গোলে ড্র করে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠে খেলা শুরু দ্বিতীয় মিনিটেই দুই গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমে কস্তার পাস বল পেয়ে গোল করেন বেলজিয়াম তারকা এডিন হ্যাজার্ড। পরের মিনিটের গোলেও অবদান ছিল বেলজিয়ামের ফরোয়ার্ডের। তার বাড়ানো বল ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোনসো।
৪২ মিনিটে স্কোরলাইন ৩-০ করে চেলসি। কর্নার থেকে পাওয়া বলে প্রথম শটেই গোলকিপারকে বোকা বানান কস্তা।

বিরতির পর অসাধারণ এক গোলে জয় নিশ্চিত করে ফেলেন হ্যাজার্ড। পেদ্রোর সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে লক্ষ্যভেদ করেন তিনি।
৬৫ মিনিটে স্কোরশিটে নাম লেখান পেদ্রো। কস্তার ডি বক্সে বাড়ানো বল ধরে জোরালো কোনাকুনি শট নেন হ্যাজার্ড, দারুণ নৈপুণ্যে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড।
এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো চেলসি। সমান ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ২৩ পয়েন্ট নিয়ে তিনন্বরে আছে আর্সেনাল।
রাতের অন্য ম্যাচে ক্রাইসটাল প্যালেসকে ৩-২ গোলে বার্নলি ও এএফসি বোর্নমাউথকে ২-১ গোলে হারায় সান্দারল্যান্ড। এছাড়া ওয়েস্টহ্যাম ইউনাইটেড ও স্টোক সিটির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।








