করোনা ভাইরাসের কারণে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আবাসিকের গ্যাস বিল জুন মাসে পরিশোধ করলেও কোনো বিলম্ব মাশুল দিতে হবে না বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ বিভাগ।
সোমবার জ্বালানি ও খনিজ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধের জন্য বিপুলসংখ্যক গ্রাহককে বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশোধের নিমিত্তে এরূপ উপস্থিতি করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ ত্বরান্বিত করে।

এই প্রেক্ষিতে সরকার আবাসিক খাতে গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। আবাসিকের গ্রাহকরা কোনো মাশুল ছাড়া ফেব্রুয়ারি-মে মাসের গ্যাস বিল জুন মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করতে পারবেন বলে জানানো হয়।








