গতকাল মুশফিক অদ্ভুত রিভিউ চাওয়ায় একটু মুচকি হেসেছিলেন। গোটা দিনে বিরাট কোহলিকে ওখানেই শুধু জাগতিক মনে হয়েছে। বাকিটা সময় ক্রিকেট দুনিয়ার ‘ক্লাসিক মাস্টার’। ১১১ রানে অপরাজিত থাকার পথে কোনো সুযোগ দেননি। যে ধ্যানে আজকাল ভারত কাপ্তান ব্যাট করছেন, তাতে ডাবল সেঞ্চুরির আগে আটকাতে না পারলে মুশফিক বিপদে পড়ে যাবেন। সেই ছকই যে রাতে কষেছেন তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না।
শুধু ছক কষলেই হবে না। কাউকে দিয়ে নতুন কিছু করাতে হবে। ক্রিকেট এমনই। যখন প্রথাগত নিয়মে কাজ না হয়, তখন একটু ‘উপরে-নিচে’ উঠতে হয়। কিংবা ওঠাতে হয়। মুশফিক সাতসকালে তার মেধা দিয়ে কীভাবে বিরাটকে ‘উপর-নিচ’ করান সেটাই দেখার বিষয়।
শুধু বিরাটই নন। আরেক অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে ৪৫ রান তুলে চুপটি মেরে আছেন। বিরাট-আলোর ফাঁক গলে বড় কিছু করার ক্ষমতা তারও আছে।
গতকাল বাংলাদেশের বোলাররা প্রথম ১৫ ওভার পর্যন্ত ছন্দে ছিলেন। ওই সময় পর্যন্ত ঠিক জায়গায় বল পড়ছিল। বেশ কয়েকটি ডেলিভারি পূজারা-বিজয়ের ব্যাটের কানা নেয়। একটি রান-আউটের সুযোগ সৃষ্টি হয়। দুটি ক্যাচের সম্ভাবনা জাগে। বড় ম্যাচে এই সব সুযোগ কাজে লাগাতে না পারলে ফলাফল ভয়াবহ হয়। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল ঠিক সেটাই হয়েছে।
এখন অপেক্ষা দ্বিতীয় দিনের।







