নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনা ঘটনায় গভীর শোক প্রকশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ অভিযোগে নোয়াখালীর সুধারামের আমির আলীসহ চারজনের বিষয়ে রায় ঘোষণার আগে এই শোক ও সমবেদনা প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
এরপরই মানবতাবিরোধী অপরাধ অভিযোগে নোয়াখালীর সুধারামের আমির আলীসহ চারজনের রায় ঘোষণা শুরু করেন, বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
এই মামলায় আসামিরা হলেন- আমির আলী, মো. জয়নাল আবদিন, মো. আব্দুল কুদ্দুস ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। তাদের মধ্যে মনসুর পলাতক। আসামিদের বিরুদ্ধে আনা হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়।
২০১৬ সালের ২০ জুন এই চার আসামিকে অভিযুক্ত করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।








