আমিনুল ইসলাম বিপ্লব লেগ স্পিনার হিসেবে খেলেছেন বাংলাদেশের টি-টুয়েন্টি দলে। এ তরুণের শুরুর গল্প অনেকেরই জানা। ছিলেন ব্যাটার। জাতীয় দলে আগমন অবশ্য বোলার হিসেবে। ঢাকা প্রিমিয়ার লিগে পাওয়া গেল ‘ব্যাটার’ বিপ্লবকে।
ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা বিপ্লব শুক্রবার ডিপিএলের লিগপর্বের শেষ ম্যাচে খেলাঘরের বিপক্ষে দলের বিপদে হাল ধরেছেন। খেলেছেন ৭৫ বলে লড়াকু ৮৮ রানের ইনিংস। ৭৪ বলে ৮৯ রান করেছেন ধীমান ঘোষ। দুজন পঞ্চম উইকেটে দেড়শর কাছাকাছি জুটি গড়ে এনে দেয় তিনশ পেরোনো পুঁজি। জয় পেয়েছে ১৩ রানে।
বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ৫০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ৩০৬ রানের বিশাল সংগ্রহ গড়ে। ১০৬ রানে তারা হারিয়েছিল ৪ উইকেট! তার পর মূলত আমিনুল ইসলাম বিপ্লব ও ধীমান ঘোষের দুর্দান্ত জুটি বড় স্কোরের ভিত গড়ে দেয়। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ১৪০ রান।
৮৮ রান করা বিপ্লব যখন আউট হন, তখন দলের স্কোর ৪৭ ওভারে ২৪৬ রান। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া বিপ্লবের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছয়। দ্রুত গতিতে ব্যাট চালানো তার ইনিংসটিতে ব্যয় হয়েছে ৭৫ বল। ধীমান অপরাজিত থেকেছেন ৮৯ রানে। তার ৭৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়। শেষ দিকে চতুরাঙ্গা ডি সিলভা ১০ বলে ৩০ রানের টর্নেডোতে দলের সংগ্রহ তিনশ পেরোয়।
খেলাঘরের হোসেন আলী নিয়েছেন ২টি উইকেট। একটি করে নেন টিপু সুলতান, মাসুম খান টুটুল ও ইফতেখার সাজ্জাদ।
বড় লক্ষ্যের বিপরীতে ৭৫ রানে পড়েছে ৪ উইকেট পড়ে খেলাঘরের। শুরুর ধাক্কা সামাল দেয় প্রীতম কুমার ও অমিত হাসানের ইনিংসে। অমিত ৪৬ রানে ফিরলে দলকে এগিয়ে নিতে থাকেন প্রীতম। এবার মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে জুটি গড়েন তিনি।
ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ৫৭ রান। প্রীতম শেষ পর্যন্ত ৭২ রানে আউট হয়েছেন। তবে লড়াই অব্যাহত রাখেন ইলিয়াস। ৬২ রান করা এই ব্যাটার দলীয় ২৮৯ রানে ফিরতেই শেষ হয়ে যায় সব সম্ভাবনা। খেলাঘর ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে করতে পারে ২৯৩ রান।
৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন সাকলাইন সজীব। একটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, চতুরাঙ্গা ডি সিলভা, সোহাগ গাজী, বিপ্লব ও মোহাম্মদ আশরাফুল।








