সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা দেখতে টিকিট কিনতে গিয়ে রক্তাক্ত হলেন দুই তরুণ। টিকিট না পাওয়ার হতাশায় সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের উপর হামলা চালায় কয়েকজন যুবক। স্টেডিয়াম গেটের বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে দুই তরুণের।
আহতদের শহরের রিকাবীবাজারস্থ একটি হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের কাউকে সনাক্ত করতে পারেনি পুলিশ। টিকিট প্রত্যাশীদের মধ্যে দুইশর মতো তরুণী ছিলেন। হামলার সময় তারা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। সেখানে সবার মাঝেই ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত মঙ্গলবারও দিনভর লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে পারেননি অধিকাংশ দর্শক। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে হাহাকার ও ক্ষোভ। মঙ্গলবার সকাল ১০টা থেকে নগরের লামাবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু হয়।
টিকিটপ্রত্যাশীরা সোমবার সন্ধ্যা ছয়টা থেকেই জেলা স্টেডিয়ামের সামনে ভিড় জমান। বিক্রি শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যেই নির্ধারিত টিকিট শেষ হয়ে গেলে লাইনে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
প্রতিদিন যে পরিমাণ টিকিট ছাড়ার কথা তার চেয়ে চাহিদা অনেক বেশি হওয়াতেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাউন্টারের সামনে দায়িত্ব পালন করা একজন পুলিশ কর্মকমর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ’হতাশা থেকেই সমর্থকরা এই ধরনের কাজ করছেন। এই হতাশার কারণে আরও বড় কিছু ঘটার আশঙ্কা আছে। তবে আমরা যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।’
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, গত দুদিন যারা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি, ক্ষোভ এবং হতাশা থেকে তারাই আজকের ঘটনা ঘটিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শনার্থীর ধারণ ক্ষমতা ১৮ হাজার। এর মধ্যে ১৫ হাজার টিকিট দর্শকদের জন্য বিক্রি করা হবে। বাকি ৩ হাজার টিকিট সংশ্লিষ্ট দল ও খেলোয়াড়দের দেওয়া হবে। ৪ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর।








