‘বিদেশীদের মতো করে হত্যা করা হবে’ ইসলামিক স্টেট বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্য আরাফ আল ইসলামের এমন হুমকির মুখে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তবে ‘উগ্র সন্ত্রাসীর’ কাপুরুষোচিত হুমকিতে মোটেই ভীত নন বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকির বিষয়টি অবগত করলে তারা হুমকিদাতাকে আইনের আওতায় আনার আশ্বাস এবং সাধারণ ডায়রির পরামর্শ দিলে বিকালে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করার স্বীদ্ধান্ত নেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন ইমরান।
ইমরান জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হুমকিদাতার অবস্থান নির্ণয় করেছেন। তারা হুমকিদাতাকে গ্রেফতার করার ব্যাপারেও আমাকে আশ্বাস দিয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে বিকাল ৪টায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করার স্বীদ্ধান্ত নেন বলে ইমরান তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসেও জানান।
সমাজের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষকেও এই দেশবিরোধী উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানিয়ে ইমরান লিখেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকল বিভেদ ভুলে আমাদের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উগ্র ধর্মান্ধের এবং এই কাপুরুষদের হত্যার হুমকির বিষয়টিতে হয়তো এতো গুরুত্ব দেয়ার কিছু নেই মন্তব্য করে তিনি লিখেন, তবে এদেরকে আইনের আওতায় আনাটা আমি এই মুহুর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একেরপর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।
এর আগের এক স্ট্যাটাসে ইমরান হত্যার হুমকির বিষয়টি জানিয়ে লিখেছিলেন, ‘আরাফ আল ইসলাম নামে এক উগ্র ধর্মান্ধ সন্ত্রাসী আজ সকাল ১০টা ১৯ মিনিটে আমাকে হত্যার হুমকি দিয়েছে। সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশীদের মতো করে আমাকে হত্যা করা হবে।
“পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে। আমি এই উগ্র সন্ত্রাসীর কাপুরুষোচিত হুমকিতে মোটেই ভীত নই। তবে সকলের অবগতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর জ্ঞাতার্থে বিষয়টি জানিয়ে রাখলাম।”
হত্যার হুমকির পরপরই ইমরান এইচ সরকারের সঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইন এর। সরকারের কাছে তিনি নিজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাচ্ছেন কিনা এমন প্রশ্নে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, হত্যার হুমকির ব্যাপারে মোটেও ভীত নন। তবে জঙ্গিরা যেভাবে দু্ই বিদেশীকে ঘোষণা দিয়ে হত্যা করল তাই ব্যাপারটা আমি ফেসবুকের মাধ্যমে সবাইকে জানালাম।
ইমরান আরো বলেন, হত্যার হুমকি পাওয়ার পর পরই শাহবাগ থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।






