সমাজকথন

বিটিভির ঝিরঝির এর মধ্যেও আলাদা এক শিহরণ ছিল

BTV

প্রতিষ্ঠার ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরে পা রাখলো বাংলাদেশ টেলিভিশন- ‘বিটিভি’। গৌরবময় ৫৪ বছরে পদার্পণ উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করছে চ্যানেলটি। এই চ্যানেল নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রত্যকের ঘরে ঘরে। তেমনই স্মৃতির কথা সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাংবাদিক আদিত্য শাহীন।

আদিত্য শাহীন লিখেছেন,

‘আমরা যাদের কাছে টেলিভিশন শিখি, তারা শিখেছেন বাংলাদেশ টেলিভিশন থেকে। এটি আমাদের সুউচ্চ শিক্ষালয়, যেখানে পরিমিতির শিক্ষা, নীতির শিক্ষা, দর্শকের মনের ভেতর ঢুকে যাবার শিক্ষা আমাদের গুরুকুল পেয়েছেন। বয়স তেপ্পান্ন পেরিয়ে গেল দেশের সর্বোচ্চ ও জাতীয় এই সম্প্রচার কেন্দ্রের।

অক্সফোর্ড হার্ভাডের মতো কিছু প্রতিষ্ঠানের বাইরে অধিকাংশ পুরোনো শিক্ষাঙ্গন তরুণ প্রজন্মের কাছে কিছুটা নুব্জ্য হয়ে পড়ে। প্রবীন শিক্ষক কাঁপা কাঁপা হাতে প্রণাম বা সালাম গ্রহণ করে তরুণ শিক্ষার্থীর। বাংলাদেশ টেলিভিশনের গর্বিত ভবনটিকে কেন জানি প্রবীন শিক্ষক মনে হচ্ছে। তেপ্পান্ন কত আর বয়স? পৃথিবী প্রতিদিন শানিত হচ্ছে তথ্যপ্রবাহে, রঙে, আলোকসম্পাতে, চিন্তায়, সৃজনশীলতায়। দেশের বেসরকারি টেলিভিশনগুলো বাংলাদেশ টেলিভিশনের উত্তরসুরী। উত্তরসুরী পুর্বসুরীকে অনুসরণ করে, আলো গ্রহণ করে আলোকিত হয়, পূর্বসুরীর আলো শুষে নেয় না। কিন্তু কোথায় সেই আলো? চৌষট্টি সালের সাদাকালো দুনিয়ায় বাংলাদেশ টেলিভিশনে যে মানুষগুলো দর্শকদের সামনে দূরদর্শী, অভিনব, চিত্তাকর্ষক অনুষ্ঠান উপস্থাপন করেছিলেন, আজ তা স্বপ্নের মতো। সে সময়ের অনেকেই আছেন। আছে অর্থের যথেষ্ট প্রাচুর্য। সীমাবদ্ধতা ও সংকটের দিন অনেক আগেই পেরিয়ে গেছে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ গণমাধ্যমকে নিয়ে অনেক বড় স্বপ্ন কেন দেখতে পারছি না?

আজ বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন। ১৯৯০ সালে যেবার বিটিভি রজত জয়ন্তী পালন করলো তখন টেলিভিশন ছেড়ে উঠতে পারতাম না। সব মায়া আর মনোযোগ কেড়ে নিয়েছিল আমাদের সাদাকালো বান্ধব। সে ছিল পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমরা সবচেয়ে দামী টেবিলটির ওপরে টিভি রাখতাম, সাদা ফুলতোলা একটি পর্দা দিয়ে ঢেকে। বিটিভির ঝিরঝির এর মধ্যেও আলাদা এক শিহরণ ছিল।

টিভি আজ পকেটের মোবাইলে। টিভি আজ মর্জিমাফিক ভিডিও দেখার মাধ্যম ইউটিউবে। কিন্তু বিটিভির সেই মধু কোথায়? টেলিভিশন কি সেই মোহন বাঁশি আর বাজাবে না? না কি যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না?

বিটিভি কেন তার উৎকর্ষ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করতে পারছে না। তাদের জন্য তো সারাদেশ নয় শুধু সারাবিশ্ব খোলা। মেধাবী মানুষও তো বাংলাদেশে ভরপুর। তৈরিও হচ্ছে প্রতিদিন। তাহলে সংঘবদ্ধ প্রয়াসটি কেন দানা বাঁধছে না’?

BTV 2

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…