হাইকোর্টের তিন জন বিচারপতিকে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানান।
সুপ্রিম কোর্টের মুখপাত্র বলেন: হাইকোর্টের ৩ জন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে তাদের বিচারকার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরে তারা ছুটির প্রার্থনা করেন।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, হাইকোর্টের এই তিন বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।
আজ হাইকোর্টের কার্যতালিকায় এই তিন বিচারপতির নাম ছিল না।









