ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফএর সঙ্গে চুক্তিটা প্রায় সেরেই ফেলেছেন শহিদ খান। সবকিছু ঠিক থাকলে দুই থেকে তিন মাসের মধ্যে ইংলিশ ফুটবলের গর্বের ওয়েম্বলি স্টেডিয়াম কিনে ফেলবেন ফুটবল ক্লাব ফুলহ্যামের পাকিস্তানি বংশোদ্ভূত মালিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিশ্চিত করেছে বিষয়টি।
মোট ৯০০ মিলিয়ন ইউরোতে ওয়েম্বলি স্টেডিয়াম কিনে নেয়ার কথা জানিয়েছেন শহিদ। এরমধ্যে ৬০০ মিলিয়ন ইউরো দেয়া হবে এফএকে। বাকি ৩০০ মিলিয়ন ইউরো পর্যটন ও সেবা খাতে বিনিয়োগ করবে ফুটবল অ্যাসোসিয়েশনটি।
২০১৩ সালে ফুটবল ক্লাব ফুলহ্যামের মালিক হন শহিদ। একই সঙ্গে আমেরিকান ফুটবল দল জ্যাকসনভিল জাগুয়ারের মালিকানায়ও আছে তার নামে। মালিকানা স্বত্ব পরিবর্তন হলেও ওয়েম্বলিতে নিয়মিত ম্যাচ পরিচালনা করতে পারবে এফএ। তবে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের ক্ষমতা থাকছে শহিদ খানের হাতে। ওয়েম্বলিতে আমেরিকান ফুটবল ম্যাচ পরিচালনার পরিকল্পনা আছে তার।
মোট ৭.২ বিলিয়ন ডলারের মালিক শহিদ খান। ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের ২১৭তম ধনী ব্যক্তি তিনি।








