বিএসএমএমইউ’র প্রথম মহিলা উপ-উপাচার্য ডা. সাহানা আখতার রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। বুধবার তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা)’র শূন্য পদে যোগদান করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, মঙ্গলবার ৬ মার্চ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করেন।
অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানের মায়ের নাম রওশন আরা বেগম এবং পিতার নাম শাহ্ হাবিবুর রহমান। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি কামরুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ১৯৮২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯০ সালে তিনি এফসিপিএস (শিশু) এবং ১৯৯৫ সালে যুক্তরাজ্য থেকে মেডিক্যাল এডুকেশনে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ব্যক্তিগতভাবে তিন কন্যার জননী। তারা সবাই দেশের বাইরে অধ্যয়ণরত। তাঁর স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
নব নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ১৯৯১ সাল থেকে একনিষ্ঠভাবে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার সাথে জড়িত। দেশী ও বিদেশী বিভিন্ন জার্নালে তাঁর শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং থিসিস গাইড হিসেবে তিনি ৩০টিরও বেশি এম. ডি এবং এফ.সি.পি.এস গবেষণা কাজ তত্ত্বাবধান করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বাংলাদেশে মেডিক্যাল শিক্ষা কার্যক্রমের নতুন সংযোজন ওএসসিই ও স্ট্রাকচার্ড কোর্স কারিকুলামের রূপকার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগ চালু করেন। তিনি বাংলাদেশের শিশু রিউমাটোলজির পাইওনিয়ার। অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান শিশুদের উন্নত চিকিৎসার স্বার্থে ইউকে, সিঙ্গাপুর ও ভারতে বিভিন্ন ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করেছেন।
এদিকে অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) অভিনন্দন জানিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।



