বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি উত্তর)।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিল গ্রেপ্তারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং দলটির মনোনয়ন বোর্ডের সদস্য।
রফিকুল ইসলাম মিয়ার পিএস মোকসেদুর রহমান আবীর গণমাধ্যমকে বলেন, স্যার সারাদিন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ছিলেন। সন্ধ্যায় বাসায় ফেরার কিছু সময় পরেই ডিবি পুলিশের একদল সদস্য তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
দুদকে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে মঙ্গলবার তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এই রায় ঘোষণা করেন।
২০০১ সালের ১০ জুন দুদক রফিকুল ইসলাম মিয়াকে তার সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেয়। কিন্তু তিনি সম্পদের বিবরণ জমা দেননি।
সম্পদের বিবরণ জমা না দেওয়ার অভিযোগে দুদকের কর্মকর্তা লিয়াকত হোসেন বাদী হয়ে ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুলের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করেন। তদন্ত শেষে একই কর্মকর্তা ওই বছরের ৩০ নভেম্বর আদালতে রফিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
আদালত ওই অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৭ সালের ১৪ নভেম্বর রফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।









