আওয়ামী লীগ পুলিশ হেড কোয়ার্টার্সে বসে নির্বাচন প্রভাবিত করার নীল নকশা করছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগে আওয়ামী লীগ কী ভাবছে? জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন: বিএনপি ছাড়া কোন কথা নেই?
বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের তাৎক্ষণিক সাংবাদ সম্মেলনের শুরুতেই তিনি এ কথা বলেন।
প্রশ্নত্তোর শুরুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপি ছাড়া প্রশ্ন নেই? এরপরই যোগ করেন, বিএনপিকে আমি অন্ধকারে ঢিল ছোড়ার পুরনো অভ্যাস পরিত্যাগ করার আহ্বান জানাবো। তথ্য প্রমাণ নিয়ে বলতে হবে পুলিশ হেডকোয়ার্টার্স’এ কি হচ্ছে? পুলিশ হেডকোয়ার্টার্সে বসে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত। এর কোন সত্যতা নেই, কোন ভিত্তি নেই; উদ্ভট অভিযোগ। যেটা তাদের পুরনো অভ্যাস।
নালিশ বিএনপির পুরোন অভ্যাস মন্তব্য করে কাদের বলেন: নালিশের পুরনো অভ্যাসটা বিএনপি ছাড়তে পারেনি। তারা দেশে নালিশ করে, বিদেশে গিয়ে নালিশ করে, দেশে বসেও বিদেশিদের কাছে নালিশ করে। এতে কিন্তু দেশ বড় হয় না, দলের চেয়ে দেশটা বড়। দেশকে ছোট করে বড় হওয়া যাবে না। নালিশ সরকারের বিরুদ্ধে থাকলে, যারা ভোটার তাদের কাছে নালিশ করুক। আপনাদের মুখতো কেউ বন্ধ করছে না।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন: এত অমার্জিত অশালীন অশ্রাব্য ভাষায় তারা কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটাও অ্যাড্রেসে তাদের ভেতর সৌজন্যবোধ নেই। যারা এমন অশালীন অশ্রাব্য ভাষায় কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমরা সরকারি দল ধৈর্য্য ধরে আছি, তফসিল ঘোষণার পর বিএনপি পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে যে অশুভ তৎপরতা দেখিয়েছে আমরা তাদের অনুরোধ করব এমন অশুভ তৎপরতা থেকে সরে আসুন।
নির্বাচনে কে জিতবে না জিতবে তা জানে আল্লাহ আর দেশের জনগণ। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব দেশে-বিদেশে প্রশংসিত। তিনি আবারও ক্ষমতায় ফিরে আসুন এটাই দেশের মানুষ প্রত্যাশা করে। দেশি-বিদেশি যেকোনো জনমত জরিপে আমরা এগিয়ে আছি। আমাদের নেত্রী থেকে আমরা দল হিসেবে আওয়ামী লীগ কিছুটা পিছিয়ে থাকলেও আমাদের নেত্রী জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। আগামী একাদশ নির্বাচনে শেরে-বাংলার প্রতীক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতীক, ৫৪’র যুক্তফ্রন্টের প্রতীক, শেখ হাসিনার প্রতীক- নৌকা বিজয়ী বেশে ভাসতে ভাসতে ডিসেম্বরে বিজয়ের বন্দরে গিয়ে ঠেকবে এমন প্রত্যাশা আমরা করছি।
শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসুক এমন প্রত্যাশা আমাদের অনেক উন্নয়ন সহযোগী ব্যক্ত করেছেন বলে এ সময় জানান কাদের।







