বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ নারায়ণগঞ্জ ও মাদারীপুরের ৯৪ নেতাকর্মী আগাম জামিন নিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি আমির হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ পৃথক সাতটি আবেদনের শুনানি নিয়ে এই আগাম জামিন মঞ্জুর করে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।
আইনজীবী সগীর হোসেন লিয়ন বলেন,‘বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করা নিয়ে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মাদারীপুরের কালকিনিতে দুটি মামলা হয়। ওই দুটি মামলার মোট ৯৭ আসামির মধ্যে ৯৪ জন সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আজ সেসব আবেদনের শুনানি নিয়ে আদালত ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন।’
গত ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পাঁচরুখি এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। তখন সমাবেশে আসা বিএনপির নেতাকর্মী ওপুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নজরুল ইসলাম আজাদসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়। সে মামলায় একজন কারাগারে আছেন। বাকি ৮৬ জন জামিন আবেদন করেছিলেন।
আরেকটি ঘটনায় ৪ সেপ্টেম্বর মাদারীপুরের কালকিনি থানায় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করতে গেলে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় আনিসুর রহমান তালুকদার খোকনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে ছাত্রলীগ। ১০ জনের মধ্যে দুইজন কারাগারে আছেন। বাকি ৮ জন জামিন আবেদন করেন।








