দু:সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ষষ্ঠ জাতীয় কাউন্সিল শুরু
করেছে বিএনপি। ৬ বছর পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সকালে উদ্বোধনী অধিবেশনের উদ্বোধন করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এই কাউন্সিলের মধ্য দিয়ে দলকে ঐক্যবদ্ধ ও
সুসংগঠিত করে আগামী দিনে গণতন্ত্র ফেরানোর আন্দোলন চাঙ্গা করতে চান বিএনপি প্রধান।
রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচেনায় অর্ধযুগ পর হতে যাওয়া দলের জাতীয় কাউন্সিলকে ঘিরে রাজধানীতে সরব উপস্থিতি সারাদেশের বিএনপির নেতাকর্মীদের। নানা টানাপোড়েনে দলের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
এ কারণেই জাতীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় সব পদক্ষেপ ও প্রস্তুতি কাজ আগেই শেষ করেছে বিএনপি।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্ব চন্দ্র রায় বলেন, এই কাউন্সিল সফল করতে গত তিনদিন ধরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকেও আমাদের ভক্ত ও নেতারা এসেছেন। এর সংখ্যা কত হবে কাউন্সিল শুরু হয়ে শেষ না হওয়া পর্যন্ত তা উপলব্ধি করা যাবে না।
রাজপথের আন্দোলন সংগ্রাম সুসংগঠিত করার আগে দলীয় ঐক্য সুসংহত করতে চায় বিএনপি। একারণে কাউন্সিলে স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটিতে পরিবর্তন আনার কথা ভাবছে দলের শীর্ষ নেতারা, সেই সাথে সংশোধন করা হবে দলের গঠনতন্ত্র।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাউন্সিল উপলক্ষে সাড়া দেশে ব্যাপক সাড়া জেগেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপির পুনরায় উজ্জীবিত হয়ে ওঠার জন্য এই কাউন্সিল যে দারুণ ভূমিকা রাখবে এ ব্যাপারে নেতাকর্মীরা নিশ্চিত।
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বেলা ৩টায় শুরু হবে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন।






