বিনোদন

বায়োপিক নির্মাণের অনুমতি দিলেন সৌরভ, তার চরিত্রে কে?

তিনজন পুরুষের পোর্ট্রেট ছবি, বিভিন্ন পোষাক ও হালকা পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন পুরুষের পোর্ট্রেট ছবি, সবাই হাসিমুখে, বিভিন্ন পোষাক পরা, পটভূমি হালকা ও স্বচ্ছ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুকাল ধরেই বলিউড আর ক্রিকেটের মাখামাখি! রঙিন দুনিয়ার সাথে বিভিন্নসূত্রে ইতোমধ্যেই যুক্ত হয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটারদের নাম। বিশেষত কিংবদন্তী ক্রিকেটারদের জীবন বলিউডের সিনেমায় মূর্ত হয়েছে।

তারই ধারাবাহিকতায় বেশ অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নির্মাণের। অবশেষে চূড়ান্ত ঘোষণা আসলো তার সেই বায়োপিকের।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নিজের টুইটার হ্যান্ডেল থেকে বায়োপিকের অফিশিয়াল ঘোষণা দিয়েছেন সৌরভ। শেয়ার করা টুইটটিতে আসন্ন বায়োপিক নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

বলিউড পরিচালক লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাভ ফিল্মস’ নির্মাণ করতে যাচ্ছে সৌরভের আসন্ন বায়োপিকটি। টুইটে তাদের ট্যাগ করে সৌরভ লিখেছেন, “ক্রিকেট আমার জীবন, এটা আমায় মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলার আত্মবিশ্বাস দিয়েছে, দারুণ এক সফর। লাভ রঞ্জনের প্রযোজনায় আমার এই সফর নিয়ে ছবি তৈরি হচ্ছে, আর তা বড়পর্দায় দেখা যাবে ভেবেই রোমাঞ্চিত আমি।”

সৌরভের এই টুইটটি শেয়ার করে লাভ রঞ্জন লিখেছেন, “লাভ ফিল্মসের পরিবারে দাদাকে পাওয়া অত্যন্ত গর্বের। আপনার কাহিনি সারা বিশ্বকে জানানোর অনুমতি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”

ক্রিকেটারদের নিয়ে বলিউডে বায়োপিক নতুন নয়। ইতোপূর্বেই পর্দায় মহেন্দ্র সিং ধোনির চরিত্র ফুটিয়ে তুলেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুক্তির অপেক্ষায় পরিচালক কবীর খানের ‘৮৩’ ছবি। যেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।

‘সাবাশ মিঠু’ ছবিতে মিতালি রাজের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। এছাড়া শোনা যাচ্ছে, ঝুলন গোস্বামীর বায়োপিকও নির্মিত হতে যাচ্ছে। যেখানে ঝুলনের ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে আনুশকা শর্মাকে।

এবার সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কাকে দেখা যাবে তা আপাতত গোপনই রেখেছেন আসন্ন ছবিটির পরিচালনা ও প্রযোজনা পর্ষদ। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর চরিত্রে দেখা যেতে পারে রনবীর কাপুরকে। আবার কেউ কেউ বলছেন, রনবীর নয় বরং সৌরভের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশান।

বিষয়:বলিউড বায়োপিক সৌরভ গাঙ্গুলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…