সংবাদ সম্মেলনে বেশ ফুরফুর মেজাজেই ছিলেন জিনেদিন জিদান। হঠাৎ একটি প্রশ্নে একটু বেশি ফুরফুরে হয়ে গেলেন রিয়াল বস। বায়ার্ন মিউনিখকে কেমন ভাবে নিচ্ছেন, শুনতেই তার জবাব দল আর যাই করুক অন্তত কাপড় নষ্ট করবে না!
বুধবার বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে হবে রিয়াল মাদ্রিদ।
বায়ার্নের বিপক্ষে হাত-পা গুঁটিয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রিয়াল কোচ। ইয়ুপ হেইঙ্কসের দলকে সমীহ করলেও ভয়ে কাবু নয় তার দল বলে জানাচ্ছেন জিদান, ‘আমরা এখানে কাপড় নষ্ট করতে আসিনি। এমন কোন বিষয়ও নেই। আমরা খেলাটাকে ভালোবাসি। মানসিকভাবে ভাল আছি। আমরা দারুণ এক ম্যাচ খেলার জন্য নিজেদের প্রস্তুত করেছি।’
পুরনো দলের বিপক্ষে জ্বলতে প্রস্তুত বায়ার্ন মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। জিদানের অধীনে থাকতে বেশির ভাগ সময়ই সাইডবেঞ্চে সময় কেটেছ তার। আর জার্মান চ্যাম্পিয়নদের হয়ে ধারে খেলতে এসে নিজের জাত চেনাচ্ছেন এ কলম্বিয়ান মিডফিল্ডার। এমন রত্নকে কেন ছেড়ে দিলেন? এমন প্রশ্নও শুনতে হয়েছে জিদানকে। জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন লস ব্লাঙ্কোস কোচ।
‘আমি তো বলিনি ওকে (রদ্রিগেজ) চলে যেতে। ও শুধু খেলতে চেয়েছে। আমি বুঝতে পেরেছি। হামেসের সঙ্গে আমার কোন সমস্যা নেই। কেউ যদি মনে করে তার সঙ্গে আমার মন কষাকষি আছে তাহলে জেনে নিন সেটা ভুল।’







