চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ছিল মারকাটারি ম্যাচে ভরা। যেখানে এক রিয়াল মাদ্রিদ ছাড়া জয় পেয়েছে সব জায়ান্টই। তবে অন্যদের চেয়ে এগিয়ে থেকে রীতিমতো গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ‘কাইজার’দের রাতে জিতেছে জুভেন্টাস, পিএসজি, ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
টটেনহ্যাম হটস্পারকে তাদেরই মাঠে ২-৭ গোলে হারিয়েছে বায়ার্ন। ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেনকে। ডায়নামো জাগরেবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। আর গ্যালাতাসারেকে এক গোলে হারায় পিএসজি। লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ২-০ গোলের জয় তুলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
গ্রুপ ‘বি’র ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে তাদের মাঠে ৭-২ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। একাই চার গোল করেন সার্জে জিনাব্রে, ২ গোল করেন লেভানডোভস্কি। অথচ এই ম্যাচে ১২ মিনিটে সং হিউন-মিনের গোলে লিড নিয়েছিল টটেনহ্যামই। ১৫ মিনিটে সমতা ফেরান জোসুয়া কিমিচ।
৪৫ মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে আবারও লিড নেয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে একাই চার গোল করেন সার্জে জিনাব্রে। ৫৩ ও ৫৫ মিনিটে দুই গোল করার পর ৮৩ ও ৮৮ মিনিটে আরও দুটি গোল করেন তিনি। এরমধ্যে ৮৭ মিনিটে লেভানডোভস্কি গোল করলে পাঁচ মিনিটে তিন গোল হজম করতে হয় স্পারদের। ৬১ মিনিটে অবশ্য হ্যারি কেন একটি গোল করলেও সেটা আর চোখে পড়েনি।
জুভেন্টাসের তিন গোলের জয়ে একটি করে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েন ও ফেডেরিকো। ১৭ মিনিটে শুরু করেন হিগুয়েন। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেডেরিকো। আর ৮৮ মিনিটে ৩-০ করেন রোনালদো। প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার পর জয়ে ফিরল জুভরা।
সি-গ্রুপে ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ২-০ গোলে হারায় ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবকে। সিটির হয়ে গোল করেন রাহিম স্টার্লিং এবং ফিল ফোডেন।
‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্কের ক্লাব গ্যালাতাসারেকে ১-০ গোলে হারায় পিএসজি। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মাউরো ইকার্দি। ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও ছন্দটা ঠিক ফিরে পাননি কাইলিয়ান এমবাপে। আর নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচেও খেলতে পারেননি নেইমার।
লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে আলো ছড়ান জোয়াও ফেলিক্স। ৪৮ মিনিটে প্রথম গোল করেন রোনালদোর জাতীয় দলের এই সতীর্থ। ১০ মিনিট পর দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন থমাস পার্টি।
রাতের অন্য ম্যাচে ইতালির আটালান্টাকে ১-২ গোলে হারায় ইউক্রেনের শাখতার দোনেস্ক।








