অবসর সময় কাটাতে বাড়ি ফিরে গেছেন বলিউড তারকা তাপসী পান্নু। ‘জুড়ুয়া টু’ ছবির কাজ শেষ করে এখন অনেকটা অবসরেই আছেন পান্নু। তাই সময়টাকে পরিবারের লোকদের সাথে কাটাতে দিল্লীতে ফিরে যান তিনি।
এই বাড়ি ফিরে যাওয়ার সাথে আবার যোগ হয়েছে নতুন মাত্রা। কারণ, আজ ১ আগস্ট তার জন্মদিন। তাই সবকিছুই যেন খাপে খাপে মিলে গেছে পান্নুর সাথে। আর এটা নিয়েও বেশ উচ্ছসিত পান্নু। তার কথায়, ‘যদিও জন্মদিনে খুব বেশি আয়োজন থাকে না, তারপরও পরিবারের লোকদের সাথে এদিন সময় কাটাতে পারা যেন বড় পাওয়া।’
গত বছর এই সময়ের স্মৃতিচারণ করে পান্নু বলেন, ‘তখন “পিংক” ছবির প্রচারণা নিয়ে খুব ব্যস্ত সময় কাটাতে হয়েছে। তাই জন্মদিনে পরিবার থেকে দূরে ছিলাম।’ এবার ‘জুড়ুয়া টু’র প্রচারণা করার জন্য হাতে যথেষ্ঠ সময় পাচ্ছেন পান্নু। কারণ, আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে নতুন ছবি ‘মুলক’–এর কাজ নিয়ে ব্যস্ত হবেন আর কিছুদিনের মধ্যেই। তাই যেন সব মিলিয়ে ‘ফ্যামিলি টাইমস’ কাটানোর সময় এখন পান্নুর। টাইমস অব ইন্ডিয়া।








