টাঙ্গাইলে বাসে গণধর্ষণের ঘটনায় ২ আসামীকে ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। আজ শনিবার বিকেলে পুলিশ আসামীদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।
টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুনা ফেরদৌস বাসের চালক হাবিবুর রহমান নয়ন, সুপারভাইজার রেজাউল করিম জুয়েলের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।
এছাড়াও বাসের হেলপার আব্দুল খালেক ভুট্টুর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এর আগে বিচারক ধর্ষণের শিকার হওয়া নারীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।
টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. রেহানা পারভীন বলেন, ওই নারীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
শনিবার দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে গাজীপুর যাওয়ার পথে মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন এক পরিবহন শ্রমিকের স্ত্রী।
এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ধনবাড়ি থানায় রাতেই ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করে।







