নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে জলঘোলা কম হয়নি। চুক্তির ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে অব্যাহত নাটকের মধ্যে আবার এল নতুন খবর। কাতালানদের সঙ্গে আজই (বুধবার) শেষ অনুশীলনে নামছেন ব্রাজিল তারকা। সেখানে সতীর্থদের গুডবাই বলবেন তিনি।
গোলডটকম নিশ্চিত করে জানিয়েছে, বুধবার নেইমার মাঠে উপস্থিত থেকে বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করবেন। কিন্তু এদিন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে তার শেষ অনুশীলন হবে। আর এই শেষ অনুশীলনকেই গুডবাই বলার মোক্ষম সুযোগ হিসেবে নেবেন নেইমার।
গোলডটকম আরও জানিয়েছে, চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই চুক্তির বাকি কাজ সম্পন্ন হবে। সে হিসেবে বৃহস্পতিবারের মধ্যেই বার্সা থেকে পিএসজির হয়ে যাবেন নেইমার।
এর আগে গুঞ্জন ওঠে চীন থেকে কাতারে যাবেন নেইমার। পিএসজির সঙ্গে চুক্তির ঘোষণার আগে স্বাস্থ্য পরীক্ষাটা সেরে নেবেন আরব দেশটিতে। কিন্তু সে খবরে নাটকীয় মোড় নেয়। খবর আসে চীন থেকে সরাসরি বার্সেলোনাতেই ফিরবে নেইমারকে বহনকারী বিমান।
কাতারি পত্রিকা আল ওয়াতানের একদিন আগে খবর দেয় মঙ্গলবার কাতারেই হবে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। পিএসজির মালিক নাসের আল খেলাফির সঙ্গেও সেখানেই শেষ ধাপের আলোচনা সারার কথাও নাকি আছে নেইমারের।
কিন্তু গোলডটকম নিশ্চিত করে মঙ্গলবার কাতারে হচ্ছে না নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। এমনকি চীন থেকে কাতারেও বিরতি নেবেন না ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। সরাসরি বার্সার বিমানবন্দরেই নামবে তাকে বহনকারী বিমান। যোগ দেবেন বুধবারের বার্সার নিয়মিত অনুশীলনেও।
পরে নেইমার একটি সেলফি পোস্ট করেন বিমানে বসে, সামাজিক মাধ্যমে দেয়া ওই সেলফির নিচে স্পেনের পতাকা জুড়ে দেন। যার অর্থ হয়ত, স্পেনেই ফিরছি। এখন সেই ফেরাটা স্থায়ী হয় কতক্ষণ সেটাই দেখার।










