গুঞ্জন ছিল চীন থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কাতারে যাবেন নেইমার। তারপর পিএসজিতে। পরে গোলডটকম নিশ্চিত করে খবর ছাপে, কাতারে নয়, নেইমারের বিমান সরাসরি নামবে বার্সেলোনায়। শেষ খবর কাতার-বার্সার কোথাও নয়, নেইমার এখন বন্ধুদের নিয়ে সময় কাটাচ্ছেন দুবাইয়ে।
দুবাইয়ের বিমানবন্দরে বন্ধুদের নিয়ে সময় কাটানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নেইমার। এতেই আবারও বেড়েছে গুঞ্জন। ধারণা করা হচ্ছে কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর আগে দুবাইয়ে বিরতি নিয়ে থাকতে পারেন ব্রাজিল তারকা।
কাতারি পত্রিকা আল ওয়াতানের দাবি ছিল মঙ্গলবার দেশটিতে হবে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। গোলডটকম মঙ্গলবার নিশ্চিত করে, বার্সায় এসে আগামী বুধবার কাতালানদের হয়ে অনুশীলনে অংশ নেবেন নেইমার।
শেষ পর্যন্ত সবাইকে বোকা বানিয়ে দুবাইয়ে বন্ধুদের নিয়ে দারুণ সময় কাটানোর খবর দিলেন নেইমার নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার এই ভিডিও অবশ্য বলছে না তিনি বার্সায় থাকছেন নাকি পিএসজিতে যাচ্ছেন।
নেইমারের বার্সা ছাড়ার এই শঙ্কাটা দীর্ঘ হওয়ার কারণও আছে। গত মৌসুমে তার সঙ্গে বার্সেলোনার নতুন যে চুক্তিটা হয়েছে, সেটার জন্য বোনাস হিসেবে নেইমারের বাবা পাবেন ২৬ মিলিয়ন ইউরো। ওই চুক্তির শর্তে আছে, টাকাটা সিনিয়র নেইমার পাবেন ৩১ জুলাইয়ে। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি পেছানোর এটিও একটি কারণ হতে পারে শেষ পর্যন্ত।
বার্সা অবশ্য এত সহজেও ছাড়বে না সিনিয়র নেইমারকে। ২৬ মিলিয়ন ইউরো বোনাস কাতালানরা দিতে চেয়েছিল নেইমারের ন্যু ক্যাম্পে থাকার শর্তেই। সেই নেইমারই যদি না থাকেন, বার্সা তো বেঁকে বসবেই। বোনাসের টাকা না দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে জায়ান্ট ক্লাবটি।
নেইমার পিএসজিতে নাম লেখালেও অবশ্য বোনাস হিসেবে ৩৬ মিলিয়ন ইউরো পাবেন তার বাবা। নেইমারের বার্ষিক আয়ের ১৫ শতাংশও যাবে সিনিয়রের একাউন্টে।










