চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াইয়ে ১২ এপ্রিল রাতে ঘরের মাঠে বার্সার মুখোমুখি হবে জুভেন্টাস। দলের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছেন বার্সার সঙ্গে কঠিন পরীক্ষায় সতর্ক তার দল।
গতকাল রাতে কিয়োভকে ২-০ গোলে হারিয়ে সিরিআ’র টানা ষষ্ঠ শিরোপার স্বাদ পাওয়ার কাছে যাওয়া কোচ সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমরা সতর্ক আছি। আমাদের বার্সার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ওরা বিশ্বসেরা দল।’
ঘরের মাঠে টানা ৩২ ম্যাচে জয় পাওয়া জুভেন্টাস এখন ফর্মে রয়েছে। দলটির অন্যতম স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন রয়েছেন তুখোড় ছন্দে। তবে কোচ অ্যালেগ্রির চিন্তা প্রতিপক্ষ বার্সেলোনা বলেই।
তিনি বলেন, ‘যে দলে মেসি, ইনিয়েস্তা, সুয়ারেজ, নেইমারের মতো খেলোয়াড় থাকে, তারা বারবার ভুল করে না। তারা যে কোন মাঠেই ভয়ংকর হতে পারে।’
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না অ্যালেগ্রি। তিনি বলেন, ‘ঘরের মাঠে আমরা জয়ের জন্য খেলব। কারণ এটা কোয়াটার ফাইনাল। নিজেদের সেরাটাই আমরা দিব।’
অ্যালেগ্রি দুই বছর আগে বার্লিনের ফাইনালে ডাগআউটে দাঁড়িয়ে দেখেছেন ছন্দে থাকা বার্সা কীভাবে স্রেফ ধ্বংস করে তার দল জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের পঞ্চম ইউরোপ সেরার ট্রফি জিতেছিল।
তবে তার ভাষ্য, ‘ওই ম্যাচের ফল বিবেচনায় নেওয়াটা বোকামি। বার্সেলোনা কিন্তু এ ধরনের ম্যাচ খেলে অভ্যস্ত, আমার কাছে এই বার্সা আগের বার্সাই।’







