আগের ম্যাচে বার্সেলোনা হারায় লা লিগা টেবিলের শীর্ষে ওঠার দারুণ সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু জিনেদিন জিদানের দল ঘরের মাঠে রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র করায় সেটি লুফে নিতে পারেনি।
শনিবার রাতে লেভান্তের মাঠ থেকে ৩-১ গোলে হেরে ফেরে মেসিদের বার্সা। তাতে ১১ ম্যাচে ২২ পয়েন্টেই আটকে থাকে আর্নেস্টো ভালভার্দের দল। রিয়ালের তখন ২১ পয়েন্ট, সামনে টেবিলের ১৪তম রিয়াল বেটিস। খেলা আবার বার্নাব্যুতে।
ঘরের মাঠে চেনা দর্শকের সামনে সেই সুযোগটাই হাতছাড়া করেছে রিয়াল। ১১ ম্যাচে তাদের পয়েন্টও এখন ২২। তবে গোলপার্থক্যে বার্সার চেয়ে পিছিয়ে টেবিলের দুইয়ে তারা।
এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্টে তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও একইরাতে পয়েন্ট হারিয়েছে। সেভিয়ার মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। তাতে স্প্যানিশ লিগে জায়ান্টদের জন্য এক ভুতুড়ে রাতই কাটল!








