এল ক্ল্যাসিকোতে ৪-০ গোলে জেতার পর সান্তিয়াগো বার্নাব্যুতে বাধভাঙা উদযাপনে মেতেছিল বার্সেলোনা। সেদিন তা মনে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাই লা লিগা জিতেই চিরপ্রতিদ্বন্দ্বিদের খোঁচা দিতেও ছাড়েনি এই বেলজিয়ান।
শনিবার এস্পানিওলকে উড়িয়ে চার ম্যাচ হাতে রেখেই লা লিগা নিজেদের করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৩৫ তম লিগ শিরোপা উদযাপনের দিনে পুরোনো শত্রুদের মাত্রারিতিক্ত উদযাপন নিয়ে ফোঁড়ন কেটেছেন লস ব্লাঙ্কোসদের গোলপ্রহরী।
বার্সেলোনা খেলোয়াড়দের ইঙ্গিত করে কোর্তোয়া বলেছেন, ‘ক্ল্যাসিকো সবকিছুর চাবিকাঠি ছিল। কিছু লোক এমন উদযাপনে মেতেছিলেন যেন তারা শিরোপা জিতেছে, যেন আমাদের পর্যায়ে চলে এসেছে।’
‘আমরা কিন্তু শান্ত ছিলাম, সেল্টা ভিগো এবং গেটাফের বিপক্ষে কঠিন ম্যাচে জয় তুলেছিলাম। যা সবসময় কঠিন ছিল। জানি আমরা পিছলে যাবো না। শুরুতে এস্পানিওল কঠিন সময় দেখিয়েছে। কিন্তু শান্ত ছিলাম এবং প্রথম গোল পাবার পর সবকিছু সহজ হয়ে এসেছিল।’








