জার্মানির বার্লিন বিমানবন্দরে হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী সিরীয় শরনার্থী জাবের আল-বকরের মৃতদেহ লিপজিগের একটি কারাগারে পাওয়া গেছে। সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
দেশটির স্যাক্সনি প্রদেশের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, জাবেরকে তার কারাগার কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
দু’দিন পলাতক থাকার পর গত সোমবার তিন সিরীয় শরণার্থী জাবেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর থেকেই ২২ বছর বয়সী জাবের আল-বকর অনশন পালন করছিল। জেলখানায় সে সার্বক্ষণিক পুলিশি নজরদারিতে ছিল বলে জানিয়েছে জার্মান নিউজ পোর্টাল দের স্পিগেল।
সন্দেহভাজন হিসেবে জাবেরকে জার্মান পুলিশ মাসখানেক ধরে তাকে পর্যবেক্ষণ করছিল। গত সপ্তাহে দেশটির গোয়েন্দারা তার সম্পর্কে তথ্য পায়, সে হামলার পরিকল্পনা করছে। শনিবার তার বাড়িতে পুলিশের অভিযানের সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে জাবেরকে ধরতে ব্যর্থ হয় পুলিশ। ওই সময় থেকেই পলাতক ছিল জাবের।
গত বছর প্যারিস হামলার সময় যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তার সঙ্গে সেই বিস্ফোরকের মিল পাওয়া যায়। জাবের ইন্টারনেটে বোমা বানানোর পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ নেয়ার সময়ই গোয়েন্দাদের নজরে আসে। গত বছর সিরীয় শরনার্থীদের সঙ্গে জার্মানিতে আসলে সে-ও দেশটিতে আশ্রয় পায়।







